সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন এশিয়ান টিভির রিপোর্টার ইরফান
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাত্র দুই দিনের ব্যবধানে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো। গত ১১ ও ১৩ জুলাই রাজধানীর পৃথক দুটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এর মধ্যে গত ১১ জুলাই বিজয়নগরস্থ পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘মানবাধিকার প্রতিদিন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার প্রতিদিনের সম্পাদক-প্রকাশক অ্যাডভোকেট আইয়ুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদৌল্লা চৌধুরী।এর মাত্র একদিন পর, গত ১৩ জুলাই রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান 'বাংলাদেশ সবুজ সেনা'-এর ৭৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাঁকে আবারও ‘গুণিজন সম্মাননা’ প্রদান করা হয়।সংশ্লিষ্টরা জানান, এশিয়ান টিভির রিপোর্টার হিসেবে ঢাকার ফুটপাতে একা দাঁড়িয়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়াই কাপড় বিক্রেতা প্রতারক চক্রকে হাতেনাতে ধরার ওপর নির্মিত বিশেষ প্রতিবেদন "কম দামে নতুন পণ্যের ফাঁদ" এবং ট্রেনে যাত্রাপথে রেল কর্মচারীদের অপেশাদার আচরণ নিয়ে করা প্রতিবেদন "রেলের এসি কোচে 'স্টুয়ার্ডের' দাপট"প্রতিবেদনের জন্য তাঁকে মূলত এই সম্মাননা প্রদান করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক মিলিয়ন ভিউ হওয়া এই আলোচিত প্রতিবেদন দুটি সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরপর দুটি সম্মাননা প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো বলেন, "প্রতিটি মানুষেরই কাজের পাশাপাশি সঠিক উৎসাহ ও উদ্দীপনার দরকার আছে।আর সেই অনুপ্রেরণা জোগাতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম। এই অর্জন আগামীতে আমাকে পেশাগত কাজে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।"