• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:০৫:১৭ (17-Feb-2026)
  • - ৩৩° সে:
নিঝুম দ্বীপের পুকুরে মিলল বিরল প্রজাতির মিল্ক ফিশ

নিঝুম দ্বীপের পুকুরে মিলল বিরল প্রজাতির মিল্ক ফিশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায় একটি বাড়ির পুকুরে বিরল প্রজাতির ২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি মিল্ক ফিশ পাওয়া গেছে।১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ।জানা গেছে, রোববার সকালে হাতিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের আগমনী কিল্লা এলাকার একটি পুকুরে মাছটি দেখতে পান স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল মান্নান। পরে মাছটি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নানের জামাতা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এমন মাছ আমরা আগে কখনও দেখিনি। মাছটি দেখে এলাকায় কৌতূহল তৈরি হয়।’স্থানীয় ইউপি সদস্য কেফায়েত উদ্দিন বলেন, এলাকায় আগে কখনও এমন মাছ দেখা যায়নি। তবে ওই পুকুরে প্রতি বছর ইলিশ মাছ পাওয়া যেত বলে জানান তিনি।আগমনী কিল্লার বাসিন্দা মো. আব্দুল মান্নান বলেন, সকালে পুকুরে মাছটি দেখতে পান তিনি। প্রথমে মাছটি চিনতে পারেননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন এটি মিল্ক ফিশ। তিনি আত্মীয়স্বজনদের নিয়ে মাছটি রান্না করে খান। তার ভাষ্য, মাছটি খুব সুস্বাদু এবং কিছুটা লবণাক্ত স্বাদের।জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, ‘মিল্ক ফিশ বা (চ্যানোস চ্যানোস) রশ্মিযুক্ত মাছের একটি বিস্তৃত প্রজাতি, যা সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পাওয়া যায়। এটি চ্যানিডি পরিবারের একমাত্র জীবিত প্রজাতি এবং চ্যানোস গণেরও একমাত্র সদস্য। চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশে এ মাছের উপস্থিতি রয়েছে।তিনি আরও বলেন, নোয়াখালী জেলায় সম্ভবত এটিই প্রথমবারের মতো মিল্ক ফিশ শনাক্ত হলো, তাও আবার একটি পুকুরে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।