বিমান মন্ত্রণালয় সিন্ডিকেটে ভরা: বিমানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তাঁর মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু ক্যাফেটেরিয়া মিলনায়তনে জেলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্টদের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আফরোজা খানম রিতা বলেন, ‘আমি যখন মন্ত্রণালয়ে ঢুকলাম, প্রত্যেকটি সেক্টরে গিয়ে দেখলাম সেখানে বিশাল সম্ভাবনা রয়েছে। এটা কোনো লসের প্রজেক্ট নয়। আমরা যদি সততার সঙ্গে কাজ করি, তাহলে বিমান বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর বুকেও নাম ছড়াবে। আমার চেষ্টা সেখানেই।’মন্ত্রী আরও বলেন, ‘আমি সারাজীবন মন্ত্রণালয়ে থাকব না। তবে আমি চেষ্টা করছি, যাতে সবাই বলতে পারে আপা এসেছিলেন, আপা পরিবর্তনের শুরুটা করে দিয়েছেন। এই কথাটা শুনতে পারলেও আমার ভালো লাগবে।’অনুষ্ঠানে জি. নবী অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. গোলাম নবীর সভাপতিত্বে জেলার শতাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট উপস্থিত ছিলেন।