ইসরাইল থেকে ভিয়েনাগামী বিমানে বোমাতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশে ছেড়ে যাওয়া অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে বোমার হুমকি পাওয়ার পর বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে বিমানটি। রোববার বিমানটি রোমানিয়ার সীমান্তবর্তী এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। বুলগেরিয়ার পরিবহণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদন অনুযায়ী, বিমানটির ক্রুরা মাঝ আকাশে বোমার হুমকির বার্তা পান। এরপর নিরাপত্তার স্বার্থে বিমানটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বুলগেরীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিমানটিকে পাহারা দিয়ে সোফিয়া বিমানবন্দরে নিয়ে আসে।বুলগেরিয়ার পরিবহণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটিতে ৫৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। অবতরণের পর তাদের সবাইকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।বার্তা সংস্থা এএফপিকে অস্ট্রিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি শেষে যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প বিমান গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।ঘটনার তদন্ত ও পরিস্থিতি মোকাবিলায় বুলগেরিয়ার পরিবহণ মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের সংকট মোকাবিলা দল গঠন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, রোববারের ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে যাত্রা শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর এটি সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।অন্যদিকে, ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, যাত্রীবাহী বিমানটি রাত সোয়া ৯টার দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ দক্ষিণ দিকে মোড় নেয় এবং বুলগেরিয়ার দিকে ফিরে যায়।এটিভি/এসআইআর