১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
অনলাইন ডেস্ক: দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমানে কর্মরত সজিব নামে এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮-এ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা।বিমানের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি স্বর্ণ পাচার হতে পারে। পরে আমরা নজরদারি বাড়াই। এক পর্যায়ে যাত্রী নামার পর আমাদের লোকজনকে দেখে সজিব দৌড়ে পালানোর চেষ্টা করলে আমরা ধাওয়া করে তাকে ধরে ফেলি। পরে তার দেখানো মতে ফ্লাইটের ভেতর থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। আমরা মালামালসহ তাকে কাস্টমস হেফাজতে রেখেছি। একই সঙ্গে স্বর্ণগুলো কীভাবে বিমানের ভেতরে আনা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হতে পারে।সূত্র: চ্যানেল ২৪