আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার প্রথম দফায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দফার কর্মীদের বিদায় জানিয়ে এই যাত্রার উদ্বোধন করবেন।বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে যোগ দেবেন। তাঁদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। চাকরির প্রাথমিক মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে।বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, সরকারি এই উদ্যোগে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হচ্ছে না। নিয়োগকর্তা প্রতিষ্ঠানই বিমানভাড়াসহ অভিবাসনসংক্রান্ত যাবতীয় খরচ বহন করছে।বোয়েসেলের ভাষায়, এই কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’। অর্থাৎ কর্মীদের বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টাকা দিতে হবে না।বোয়েসেল সূত্রে জানা গেছে, কর্মী বাছাইয়ে অনলাইন আবেদনের পর সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়। পরে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে বেছে নেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দালালমুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ রয়েছে। সে অনুযায়ী বিভিন্ন মালয়েশীয় প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে কর্মী নিয়োগ ও পাঠানোর কার্যক্রম চলবে।বোয়েসেলের পক্ষ থেকে কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, এই কর্মসূচিতে কাউকে কোনো টাকা দিতে হবে না। বোয়েসেলের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে। নিয়োগসংক্রান্ত সব বিজ্ঞপ্তি বোয়েসেলের ওয়েবসাইট ও আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।এটিভি/এসআইআর