• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৭:৩৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর সফরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।নির্বাচনের পর গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। একই সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়েরও পক্ষ থেকেও পৃথক আমন্ত্রণ আসে। তবে ভারত বা চীন নয়, সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গত ১ জুন সোমবার মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে সফরটি নিশ্চিত করে একটি চিঠি পাঠিয়েছে।সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২২ জুন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের সময়সূচি, আলোচ্যসূচি এবং সফরের বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সফরের কর্মসূচি ও আলোচ্য বিষয়গুলো চূড়ান্ত হতে পারে।সূত্র: আর টিভি অনলাইন।