• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০৫:৫৪ (08-Oct-2026)
  • - ৩৩° সে:
উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি

উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত, প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।৭ অক্টোবর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়, হাবিবা শারমিন ২০২১ সালের ৮ ডিসেম্বর উন্নত চিকিৎসার কথা উল্লেখ করে ১৮ ডিসেম্বর ২০২১ থেকে ১৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত এক বছরের জন্য বিনা বেতনে অসাধারণ বহিঃবাংলাদেশ ছুটির আবেদন করেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে আবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা মঞ্জুর করা হয়নি।ছুটি মঞ্জুর না হওয়া সত্ত্বেও ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকে তিনি অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং দেশত্যাগ করেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৫ মে তাকে অবিলম্বে কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করা হলেও তিনি তা অমান্য করেন। বরং যুক্তরাষ্ট্রে অবস্থান করে ২০২৩ সালের ১০ জুন থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় ই-মেইলে ছুটির আবেদন জানান।অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।প্রথম কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় গঠিত তদন্ত কমিটি তদন্ত শেষে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনীত দুটি অভিযোগই চূড়ান্তভাবে প্রমাণিত মর্মে প্রতিবেদন দাখিল করে।তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে ‘চাকরি হতে বরখাস্ত’ গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলে হাবিবা শারমিন ২০২৪ সালের ১৭ অক্টোবর অসুস্থতার অজুহাতে চাকরি থেকে অব্যাহতি চান। তবে মন্ত্রণালয় বরখাস্তের সিদ্ধান্তে অনড় থাকে।পরবর্তীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রস্তাবিত দণ্ডের বিষয়ে একমত পোষণ করে এবং রাষ্ট্রপতি উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তার অননুমোদিত অনুপস্থিতির সূচনা অর্থাৎ ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকেই তাকে ভূতাপেক্ষভাবে চাকরি থেকে বরখাস্ত কার্যকর গণ্য করা হয়েছে।