• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৯:২১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:
হারানো অনুভূতি জাগাতে বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

হারানো অনুভূতি জাগাতে বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বিনোদন ডেস্ক: চিঠি কেবলমাত্র কয়েকটি শব্দের সমষ্টি নয়! এ যেনো অপেক্ষার মাধুর্য, কাগজের পাতায় লেগে থাকা মায়াময় ঘ্রাণ। প্রতিটি চিঠি যেনো হৃদয়ের সুন্দর অনুভূতির স্পন্দনের অনুরণন। সেই বিবর্ণ কালির অক্ষর, ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা আর হাজার বছরের ঐতিহ্যবাহী যোগাযোগের ধারা এবং যাপিত-জীবন প্রবাহের অন্যতম অনুষঙ্গ ‘চিঠি’!বাংলাদেশ টেলিভিশন নতুন একটি অনুষ্ঠান সাজিয়েছে ‘ফিরে এসো চিঠি’ শিরোনামে। অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হয়েছে ১১ নভেম্বর ২০২৬, বুধবার রাত ১১.০৫ মিনিটে।বাংলাদেশ টেলিভিশনে চিঠির ইতিহাস-ঐতিহ্য নিয়ে পাক্ষিক অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’-এর এবারের পর্বের বিষয় ছিল ‘নজরুলের চিঠি’ নিয়ে।বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভি’র সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নি’র সাবলীল উপস্থাপনায় ‘ফিরে এসো চিঠি’ অনুষ্ঠানে সময়ের পরিবর্তনে চিঠি’র সেকাল-একাল উঠে এসেছে প্রাণবন্ত আলোচনায় আর আর্ট-শোতে।ইতিহাস-ঐতিহ্যমূলক এই অনুষ্ঠানের প্রযোজক গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক এনামুল হক। অনুষ্ঠানটির নির্মাণ সহায়তাকারী প্রতিষ্ঠান দোয়েল কমিউনিকেশনস্।‘ফিরে এসো চিঠি’ প্রসঙ্গে প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, বিশেষ গবেষণাধর্মী এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ অতিথিদেরও ডাকছি। দুই প্রজন্মের সেতুবন্ধনের মধ্য দিয়ে ‘ফিরে এসো চিঠি’ অনুষ্ঠানটি যেনো হয়ে উঠেছে কালের আয়না। আর সেই আয়নায় দৃশ্যায়িত হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মের ধাবমান অনুভবের গল্প।এছাড়া দোয়েল কমিউনিকেশনস্-এর প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, চিঠি যুগে যুগে ছিল, থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনদের অনুভূতি বুঝা যে কতোটা গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানটিই রাখার চেষ্টা করেছি আমরা।প্রসঙ্গত, ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সগুলো খোলার চেষ্টা, প্রায় হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে আবেগের সাথে জড়িত অতীতের যোগাযোগ ব্যবস্থা, সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম, সাহিত্য ও দর্শন তুলে আনার চেষ্টায় বাংলাদেশ টেলিভিশনের নতুন আয়োজন ‘ফিরে এসো চিঠি’।এটিভি/আরএম