• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২২:০৪ (21-Oct-2026)
  • - ৩৩° সে:
রাবণের মুখে মোদির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা পোড়ালেন বিক্ষোভকারীরা

রাবণের মুখে মোদির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা পোড়ালেন বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ভোট চুরি ও নির্বাচনে অনিয়মসহ নানা অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ আরও কয়েকজনের মুখাবয়ব যুক্ত করে রাবণের কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিক্ষোভকারীরা।সংবাদমাধ্যম দি ট্রিবিউন বলছে, কংগ্রেসের ছাত্রসংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) সদস্যদের আয়োজনে ২০ অক্টোবর মঙ্গলবার নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নির্বাচনে অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদে বিজয়া দশমীর উদযাপনকে বিক্ষোভে রূপ দেয় সংগঠনটি।সংবাদমাধ্যম বলছে, ‘আঙুল তো উঠেগি—রাবণ দহন’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনটি অভিযোগ করে, দেশের তরুণ সমাজ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে মোদি সরকার।রাবণের এই কুশপুত্তলিকাটিতে মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার ছাড়াও শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উগ্র কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম ও রাজনাথ সিংয়ের মুখাবয়ব যুক্ত করা হয়।কুশপুত্তলিকা পোড়ানোর মধ্য দিয়ে ‘ভোট চুরি’, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব বৃদ্ধি, দেশের সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা ও ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকির মতো বিষয়গুলো তুলে ধরতে চেয়েছেন বিক্ষোভকারীরা। এ ছাড়া যৌন সহিংসতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মোদি সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছে কংগ্রেসের এই ছাত্র সংগঠনটি।ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নির্বাচনপ্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এনএসইউআইয়ের কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মধ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সংগঠনটি তার পদত্যাগ দাবি করে আসছে। তাদের অভিযোগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।এটিভি/এসটিও