• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:২৮:৩০ (25-Nov-2026)
  • - ৩৩° সে:
নড়াইলে বিএনপির দুই নেতা হত্যায় মামলা, আসামি ৭৬ জন

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যায় মামলা, আসামি ৭৬ জন

অনলাইন ডেস্ক: নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার রাতে নিহত সোহেল মোল্যার ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় এ মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হককে হুকুমের আসামি করে ৫১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে বলা হয়, সাম্প্রতিক আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে গত ১৮ নভেম্বর রাতে বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হকের নির্দেশে এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র লিটন ফকিরের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই শোভাযাত্রায় সশস্ত্র হামলা চালান। এতে কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে হত্যা করা হয়।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বাদীপক্ষ এজাহার দিতে দেরি করায় মামলা নথিভুক্ত হতে কিছুটা বিলম্ব হয়েছে। হামলায় জড়িতদের শনাক্তে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।এর আগে গত ২০ নভেম্বর নিহত দুই নেতার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে কালিয়ায় যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত মহাসচিব) রুহুল কবির রিজভী। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। ওই দিন রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে কালিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের দুই শতাধিক বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালায় আওয়ামী লীগ। তবে স্থানীয় সূত্রের দাবি, মূলধারার গণমাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসার পর এ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি ও উত্তেজনা প্রশমিত হয়।বর্তমানে কয়েক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে কালিয়ার জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। হিন্দু-মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ দৈনন্দিন কাজে ফিরেছেন এবং দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কেনাবেচা চলছে। তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে জেলা ও উপজেলাজুড়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি।নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে কালিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে আছেন এবং এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।এটিভি/আরএম