• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫২:০৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। ১৫ নভেম্বর রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে বাসের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।তারাগঞ্জে পৌঁছানোর পর আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের লোকজনের সঙ্গে তাদের আবারও তর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ, তখন বাসের লোকজন লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেন।পরে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।এটিভি/এসআইআর