পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় রিজভীর নিন্দা
অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।২১ নভেম্বর শনিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতরে আত্মগোপনে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। তারা মনে করছে, দেশে বিচ্ছিন্নভাবে মানুষ হত্যা, আগুন সন্ত্রাস ও অন্যান্য অপকর্মের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে উৎখাত করবে।তিনি বলেন, এসব অপকর্ম করে আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের মাটিতে আর কখনোই স্থান পাবে না। বরং নতুন করে মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট শাসকদের পুরোনো চেহারাই উন্মোচিত হচ্ছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখনও পর্যন্ত বিএনপি সরকারের সহনশীলতাকে ফ্যাসিস্টরা দুর্বলতা ভেবে থাকলে তারা নির্বোধ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা মেরে সরকারকে ভয় দেখানো যাবে না। এখন আর ধৈর্য নয়, সরকার যেকোনো মূল্যে দেশের মানুষের জানমাল রক্ষায় ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে।তিনি বলেন, জুলাই-আগস্টে ব্যাপক নির্যাতন চালিয়ে হাজার হাজার মানুষ হত্যাকারী ফ্যাসিস্ট শাসকদের কোনো অনুশোচনা নেই। জনগণ বাংলাদেশের মাটিতে কখনোই সেই ফ্যাসিস্টদের স্থান দেবে না।দেশব্যাপী অরাজকতা বন্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান এখন জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিএনপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বাসসএটিভি/এসটিও