• ঢাকা
  • |
  • বুধবার ৭ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:৩৪:৫৫ (23-Sep-2026)
  • - ৩৩° সে:
যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক

যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২ শ্রমিক

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। দুই দিন ধরে নিখোঁজ থাকার পর ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় এখনো উদ্ধার অভিযান শুরু করতে পারেনি দলটি।১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় যমুনা নদীর চর অধ্যুষিত কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা এলাকায় বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডটিতে চারজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।নিখোঁজ দুজন হলেন—নোয়াখালীর মাইজদী থানার আন্ডার চর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে মো. মোরশেদ (২৫) এবং চাঁদপুরের মতলব উত্তর থানার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. ফয়সাল (২১)।ঘটনার সময় বাল্কহেডে থাকা এজাজুল ইসলাম (২৬) ও রাসেল হোসেন সাঁতরে তীরে উঠে আসেন। এজাজুল কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতির চর গ্রামের বাসিন্দা। রাসেল নোয়াখালীর মাইজদী থানার আন্ডার চর গ্রামের বাসিন্দা।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম জানান, বাল্কহেডটির উপরিভাগে থাকা দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও ইঞ্জিন মিস্ত্রি হিসেবে দায়িত্বে থাকা মোরশেদ ও ফয়সাল ইঞ্জিন কক্ষে ছিলেন। বাল্কহেড ডুবে যাওয়ার সময় তারা সেখানে আটকা পড়েন।তিনি বলেন, রোববার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালেও নদীর প্রবল স্রোতের কারণে তারা পানিতে নামতে পারছেন না।স্টেশন অফিসার আরও জানান, ডুবুরি দলের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করা হবে। পাশাপাশি বাল্কহেডটির ভেতর থেকে বালু সরিয়ে ড্রেজারের মাধ্যমে সেটি উদ্ধারের চেষ্টা চলছে।সূত্র: কাল বেলা