বন্যার্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন বালেন্দ্র শাহ
ডেস্ক রিপোর্ট: নেপালে ২৬ আগস্টের আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সহমর্মিতা প্রকাশ, ত্রাণ ও মানবিক কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে বালেন্দ্র শাহ এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে তিনি বলেন, ভয়াবহ বন্যার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আকস্মিক বন্যায় নেপালে প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।নেপালের প্রধানমন্ত্রী বলেন, চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর প্রত্যাশা, বাংলাদেশের এই সহায়তা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে নেপালের জনগণকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যা নিয়ে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, বাংলাদেশের সংসদের এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।দুই দেশের সম্পর্কের বিষয়ে বালেন্দ্র শাহ বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে দেখে না, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।প্রতিকূল সময়ে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।এর আগে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়। পরদিন ওই সহায়তার আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়। এছাড়া ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদ নেপালের বন্যায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করে।সূত্র: ইউএনবি