নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার থেকে পাঁচজন।২৮ অক্টোবর বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তার ৪ বছর বয়সী ছেলে বিপুল।পুলিশ জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাস চলছিল। এ সময় উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তার ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ৪ থেকে ৫ জন।দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।এরপর পুলিশ দুর্ঘটনাকবলিত সিমেন্টবোঝাই ট্রাক ও এর চালককে আটক করে। বাসটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে সংঘর্ষের পরপরই বাসচালক পালিয়ে যান।কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এটিভি/ এইচকে