• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৭:৩৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:
উখিয়ায় গ্যাসের নতুন অস্তিত্ব শনাক্ত, অনুসন্ধানে নামছে বাপেক্স

উখিয়ায় গ্যাসের নতুন অস্তিত্ব শনাক্ত, অনুসন্ধানে নামছে বাপেক্স

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন টানা ১৬ দিন ধরে জ্বলছে। এরই মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) পরীক্ষাগারে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এতে এলাকাটিতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছে।বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য হাওলাদার রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তাঁর মতে, পরীক্ষায় থার্মোজেনিক গ্যাসের উপস্থিতি পাওয়ায় ইনানীতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।১০ নভেম্বর মঙ্গলবার বাপেক্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইনানীতে গ্যাস নির্গমন ও অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণের পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।এর আগে গত ২৭ অক্টোবর গভীর নলকূপ খননের সময় আনুমানিক এক হাজার ফুট গভীরতায় পৌঁছানোর পর ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং গ্যাসের চাপ ও প্রবাহের ধরন বুঝতে বিশেষজ্ঞদের পরামর্শে আগুনটি স্বাভাবিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা বহাল রয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখতে আপাতত গ্যাস নির্গমন বন্ধ করা হচ্ছে না। তাঁদের আশঙ্কা, অতিরিক্ত ভূগর্ভস্থ চাপের কারণে অন্য কোথাও ফাটল সৃষ্টি হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাইয়ের জন্য বিস্তারিত ভূতাত্ত্বিক অনুসন্ধান এবং দ্বিমাত্রিক (২ডি) ভূকম্পন জরিপের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এটিভি/এসআইআর