• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:১৮:৪৯ (11-Nov-2026)
  • - ৩৩° সে:
আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার

আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার

ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের প্রভাব সরেজমিনে মূল্যায়ন করতে সাত দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।১০ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সফরকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক অবস্থা পর্যালোচনা করবেন কেলি ই. কারি। একই সঙ্গে এসব সংকট মোকাবিলায় ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা তার সফরের আয়োজন করতে প্রস্তুত নয়। এ কারণে মিয়ানমারের পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকটের প্রভাব মূল্যায়নে বাংলাদেশ সফর করছেন তিনি।সফরকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি এবং এ ধরনের ঘটনার ভুক্তভোগীদের সঙ্গে বৈঠক করবেন কেলি ই. কারি। এ ছাড়া ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তার।আগামী ১৮ নভেম্বর সফর শেষে এক সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার।উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এই বিশেষ র‌্যাপোর্টিয়ার আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।এটিভি/এসআইআর