বন্ধ হচ্ছে কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশি ভিসা কেন্দ্র
ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলো আগামী ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ভিসা আউটসোর্সিং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পরিচালিত কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো ৩০ নভেম্বরের পর থেকে বর্তমান ঠিকানায় আর কার্যক্রম পরিচালনা করবে না।এ অবস্থায় ৩০ নভেম্বরের পর ডিইউ ডিজিটাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের অনুরোধ জানিয়েছে উপ-হাইকমিশন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।তবে এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না। নতুন প্রতিষ্ঠান ও আবেদন কেন্দ্রের বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য আবেদনকারীদের উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে।এটিভি/এসআইআর