দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প।১৬ অক্টোবর শুক্রবার সকালে বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ।তিনি বলেন, সীমান্তবর্তী ১ হাজার ৪২৫টি মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ও বিশেষ মনিটরিং সেল।আরও পড়ুন: দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছিএসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও উসকানিমূলক খবর ছড়ানোর আগে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছে বাহিনীটি।এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফেরাতে যোগাযোগ চলছে বলেও জানিয়েছে বিজিবি। মাহবুব মুর্শেদ বলেন, শশীদল সীমান্তে ২ পুলিশ সদস্যকে আটকের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তাদের ফিরিয়ে আনা হবে।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশের পর বিএসএফের হাতে আটক হয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ২ পুলিশ সদস্য। প্রায় ১৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি।