বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ টাকা ইউনিট কিনবে সরকার
ডেস্ক রিপোর্ট: চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ২৫ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নেওয়া প্রকল্পটি আগামী ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।২৭ আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটি নির্ধারিত সময়ে বাস্তবায়িত হলে ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম তুলনামূলক বেশি হলেও এর মাধ্যমে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার একটি বড় সমস্যা সমাধান হবে।তিনি বলেন, প্রকল্পের সুবিধা শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশগত সুবিধা ও কার্বন ক্রেডিটের বিষয়টিও বিবেচনায় রয়েছে। এসব সুবিধা হিসাব করলে অতিরিক্ত খরচ পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এ প্রকল্পে বাংলাদেশ সরকারকে কোনো বিনিয়োগ করতে হবে না।প্রকল্পের আওতায় বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সারও উৎপাদন করা হবে। পাশাপাশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ল্যান্ডফিল ব্যবহারের জন্য সিটি করপোরেশনকে নিয়মিত মাসিক ভাড়া দেবে।আমিনবাজারের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য ব্যবহার করে প্রতিদিন আরও ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চীনের ‘পাওয়ার চায়না’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান প্রতিমন্ত্রী।সূত্র: দৈনিক ইত্তেফাক