• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১১:৫৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘বক্তাবলি গণহত্যা’ দিবস

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘বক্তাবলি গণহত্যা’ দিবস

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ১৯৭১ সালের রক্তঝরা বক্তাবলী গণহত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদরের উদ্যোগে দিনটি পালন করা হয়।২৯ নভেম্বর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর লক্ষ্মীনগর এলাকায় অবস্থিত বধ্যভূমি এবং কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে বক্তাবলীর গণহত্যা একটি বেদনাবিধুর ও বীরত্বপূর্ণ অধ্যায়। শহীদদের রক্তে রঞ্জিত এই জনপদের আত্মত্যাগের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। একই সঙ্গে বক্তাবলী গণহত্যার স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং জাতীয় পর্যায়ে শহীদদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের আহ্বান জানানো হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের এ আয়োজন স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও স্বাধীনতার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।​প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৯ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বক্তাবলী পরগনায় নারকীয় হত্যাযজ্ঞ চালায়। সেদিন নির্বিচারে গুলি চালিয়ে ১৩৯ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করা হয় এবং জ্বালিয়ে দেওয়া হয় একে একে ২২টি গ্রাম। নির্মম এই হত্যাযজ্ঞ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর স্মৃতি হিসেবে চিহ্নিত হয়ে আছে।এটিভি/ এইচকে