বই পড়লে নাগরিকদের টাকা দেবে সিঙ্গাপুর
আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদি নতুন উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। ‘রিডএসজি’ নামের এই উদ্যোগের আওতায় প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়লে ভার্চুয়াল কয়েন বা পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। পরে এসব কয়েন অর্থ বা বিভিন্ন পুরস্কারের বিনিময়ে ব্যবহার করা যাবে।সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগার বোর্ডের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে সরকারি নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফর্মে প্রতিদিনের পড়ার সময় নথিভুক্ত করতে হবে। পড়ার ধারাবাহিকতা ও সময়ের ভিত্তিতে অংশগ্রহণকারীরা ভার্চুয়াল পুরস্কার সংগ্রহ করতে পারবেন।জাতীয় গ্রন্থাগার বোর্ডের প্রধান নির্বাহী মেলিসা ট্যাম বলেন, ডিজিটাল যুগে মানুষ বিপুল পরিমাণ সংক্ষিপ্ত ও দ্রুতপাঠ্য কনটেন্টের মধ্যে সময় কাটাচ্ছে। এর বিপরীতে দীর্ঘ লেখা ও বই পড়া মনোযোগ, সমালোচনামূলক চিন্তা, কল্পনাশক্তি ও সহমর্মিতা বিকাশে ভূমিকা রাখে।এই উদ্যোগের আওতায় জমা হওয়া ভার্চুয়াল কয়েন অর্থে রূপান্তরের সুযোগ রয়েছে। এক হাজার কয়েন সমান এক সিঙ্গাপুর ডলার। তবে এর উদ্দেশ্য বড় অঙ্কের অর্থ উপার্জনের সুযোগ তৈরি করা নয়; বরং প্রতিদিন বই পড়ার অভ্যাস গড়ে তোলা।জাতীয় গ্রন্থাগার বোর্ডের ২০২৪ সালের এক গবেষণা অনুযায়ী, সিঙ্গাপুরের মাত্র ২৮ শতাংশ প্রাপ্তবয়স্ক প্রতি সপ্তাহে বই পড়েন। তবে সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমের লেখা ও বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্টও হিসাবে ধরলে নিয়মিত পড়ার হার অনেক বেশি। এই বাস্তবতায় দীর্ঘমেয়াদি পড়ার অভ্যাস তৈরি করতেই পাঁচ বছর মেয়াদি ‘রিডএসজি’ কর্মসূচি নেওয়া হয়েছে।সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস