ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে ৩ লাখের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দমকা বাতাসের মধ্যে ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে তিন লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।বিবিসি জানিয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গিরন্দ ও লঁদ অঞ্চলে প্রায় আড়াই লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার রাতে আরও ৫৫ হাজার বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। দাবানল বোর্দো শহরের উপকণ্ঠে পৌঁছে যাওয়ায় পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে।দমকল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন এতটাই তীব্র যে এটি নিজস্ব বায়ুপ্রবাহ সৃষ্টি করছে, ফলে আগুনের গতিপথ দ্রুত পরিবর্তিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছে ফরাসি সরকার। আগুনের বিস্তার ঠেকাতে ঝোপঝাড় পরিষ্কার এবং অগ্নিনিরোধক ফাঁকা এলাকা তৈরি করা হচ্ছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।অন্যদিকে স্পেনের মাদ্রিদ ও আভিলা অঞ্চলে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ২৮ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে টলেডোর কাছের অন্তত আটটি পৌর এলাকাও খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে অন্তত একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সত্তরের কোঠার এক ব্যক্তির মরদেহ তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। চলতি বছর দেশটিতে ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা গত এক দশকের বার্ষিক গড়ের চেয়েও বেশি।এদিকে ইতালির সিসিলি দ্বীপে ৩৫০টির বেশি দাবানলের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্তত ১০টি বড় আকারের। স্কটল্যান্ডের কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কেও টানা ১০ দিন ধরে দাবানল জ্বলছে।ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা কমিশনার হাদজা লাহবিব জানিয়েছেন, চলতি বছর ইউরোপে দাবানলের ক্ষয়ক্ষতি আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ফ্রান্স ও স্পেনকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অগ্নিনির্বাপণ বিমান, হেলিকপ্টার ও বিশেষায়িত উদ্ধার দল মোতায়েন করেছে।