• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:১৬:৫৪ (04-Nov-2026)
  • - ৩৩° সে:
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে আটক পুলিশের ৩ কর্মকর্তা

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে আটক পুলিশের ৩ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর ফোনে অবৈধভাবে আড়িপাতার অভিযোগে দেশটির তিন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অনুমতি ছাড়া যোগাযোগে আড়িপাতা, ইলেকট্রনিক ব্যবস্থায় প্রবেশ এবং তথ্য-উপাত্ত মুছে ফেলার অভিযোগে তদন্ত চলছে।৩ নভেম্বর মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ তথ্য জানায়। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন আলামত জব্দের পর ওই তিন কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত তাঁরা প্রেসিডেন্ট, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে বেআইনিভাবে আড়ি পেতেছেন বলে অভিযোগ রয়েছে।আটক তিন কর্মকর্তা হলেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জেনারেল লিস্তিও সিগিত প্রাবোও, জাতীয় পুলিশের আইন বিভাগের প্রধান ইন্সপেক্টর জেনারেল আহরি সোনতা নাসুশন এবং জাতীয় পুলিশ শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রশিক্ষক ইন্সপেক্টর জেনারেল একো হাদি সান্তোসো।তদন্তকারীদের অভিযোগ, যথাযথ অনুমোদন ও আইনি প্রক্রিয়া ছাড়াই পুলিশের যোগাযোগে আড়িপাতার ব্যবস্থায় বিভিন্ন ব্যক্তির ফোন নম্বর যুক্ত করা হয়েছিল। পরে গত অক্টোবর মাসে নজরদারির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়, যাতে এসব কর্মকাণ্ডের প্রমাণ না থাকে।এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে ১০ জন সাক্ষী ও তিনজন বিশেষজ্ঞের বক্তব্য নেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি মুঠোফোন, একটি আইপ্যাড এবং চারটি পেনড্রাইভ জব্দ করেছেন তদন্তকারীরা।এদিকে ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকারবিষয়ক সমন্বয়মন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা জানিয়েছেন, প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার বিষয়টি তাঁকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে আড়িপাতার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।এটিভি/এসআইআর