প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবক গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।এসআরবি-৫-এর অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ।এর আগে ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সড়কের দুই পাশে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সফরকালে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটির ভাষা ও প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি নেতারা।মন্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়। পরে আবু বকরকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে আমরাও উদ্বিগ্ন হয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুক পেজে একজন একটি মন্তব্য করেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এটিভি/এসআইআর