উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস
অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে বাসের সব যাত্রী আগেই নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। বাসের চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।৫ জুন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্যেশ্যে ফেরিতে উঠেছিল।এসবি সুপার ডিলাক্স পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। এছাড়া চালক, সহকারী ও তত্ত্বাবধায়কসহ মোট প্রায় ৪০ জন বাসে ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছে ফেরিতে ওঠার প্রস্তুতি নেয়।তিনি জানান, ঘাটের এক পাশে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি বড় ফেরিতে যানবাহন ওঠানো হচ্ছিল। এ সময় বাসটি ফেরিতে ওঠার চেষ্টা করলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফেরির র্যাম্পে ধাক্কা দেয়। এতে র্যাম্প ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।প্রত্যক্ষদর্শী যাত্রী আল জুবায়ের জানান, ফেরিতে ওঠার আগে সকল যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। পরে চালক ও তার সহকারী বাসটি ফেরিতে তুলতে গেলে সেটি হঠাৎ ডানদিকে বেঁকে নদীতে পড়ে যায়।ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করা হয়। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকারী জাহাজ হামজা বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বাসটি উদ্ধার করে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বাসটি পন্টুন থেকে র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। তবে চালক, হেলপার ও সুপারভাইজারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো যাত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগও পাওয়া যায়নি।ঘটনার পর সার্বিক পরিস্থিতি তদারকিতে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত রয়েছে।উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় কুষ্টিয়া থেকে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন যাত্রী নিহত হন।