• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ রাত ১০:৪০:৩৯ (08-Aug-2026)
  • - ৩৩° সে:
২৪ জনকেই জার্মানি পাঠাচ্ছে ফেডারেশন

২৪ জনকেই জার্মানি পাঠাচ্ছে ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের আসন্ন আসরকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি এখন তুঙ্গে। বর্তমানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়েরা।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ক্যাম্পে থাকা ২৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে ২০ জনকে জার্মানির কন্ডিশনিং ক্যাম্পের জন্য চূড়ান্ত করার কথা ছিল। তবে খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা, দীর্ঘমেয়াদী উন্নতি এবং দলের শক্তিমত্তা বৃদ্ধির কথা বিবেচনা করে ক্যাম্পে থাকা ২৪ জন খেলোয়াড়কেই প্রায় এক মাসের কন্ডিশনিং ক্যাম্পের জন্য জার্মানিতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ফেডারেশন। বাংলাদেশ হকি ফেডারেশনের সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।এদিকে ঢাকায় চলমান এই ক্যাম্প নিয়ে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।জাতীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার মাইনুল ইসলাম কৌশিক জানান, মাঠের প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে। নতুন কোচের অধীনে খেলোয়াড়েরা প্রতিদিন নিত্যনতুন আধুনিক টেকনিক ও ট্যাকটিকস রপ্ত করছেন। এবারের ক্যাম্পে আধুনিক ইউরোপীয় শৈলীর হকি অনুশীলনের পাশাপাশি সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোল স্কোরিং, পেনাল্টি কর্নার, বক্সের ভেতর দ্রুত গোল করার কৌশলগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন জার্মান কোচ পিটার গেরহার্ড।