সদরপুরে প্রতারণা মামলায় নারী গ্রেফতার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রতারণার অভিযোগে রসনি আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আটরশি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।মামলার অভিযোগকারী মো. শাহজালাল ভূঁইয়া জানান, বন্ধকনামার মাধ্যমে ধার নেওয়া ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত না দিয়ে উল্টো অস্বীকার ও হয়রানি করেছেন অভিযুক্ত। এ ঘটনায় ন্যায়বিচার ও টাকা উদ্ধারের দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হন।অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি বন্ধকনামা দলিল সম্পাদন করা হয়। দলিলে অভিযুক্ত স্বাক্ষর করেন এবং ভুক্তভোগী নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। চুক্তি অনুযায়ী, দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করে বন্ধকনামা ফেরত দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জমি ভুক্তভোগীর নামে কবলা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেওয়ার শর্তও উল্লেখ ছিল।কিন্তু নির্ধারিত সময় অতিক্রম হলেও অভিযুক্ত টাকা পরিশোধ না করে চুক্তির বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ভুক্তভোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, আদালতের নির্দেশে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।