• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৫২:৪৩ (03-Mar-2026)
  • - ৩৩° সে:
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক: রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু।হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়।এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।কামরুজ্জামান সাগর আরও বলেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটাই ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও সংগীতে অসামান্য অবদান রেখে ফজলুর রহমান বাবু বড় পর্দা ও ছোট পর্দা উভয় মাধ্যমেই দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তার অসুস্থতার খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সাম্প্রতিক শারীরিক উন্নতির খবরে স্বস্তি ফিরেছে।