ডেইলি মেইলের মামলায় প্রিন্স হ্যারিসহ ৭ জনকে মোটা অঙ্কের জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন ও অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগে করা মামলায় হেরে গেছেন প্রিন্স হ্যারিসহ সাতজন। মামলার আইনি খরচ হিসেবে তাদের প্রাথমিকভাবে ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট।২১ আগস্ট শুক্রবার বিচারপতি নিকলিন এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী শুক্রবারের মধ্যে বাদীদের এই অর্থ অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে দিতে হবে। প্রতিষ্ঠানটি ডেইলি মেইল, মেইল অন সানডে ও মেইলঅনলাইন প্রকাশ করে।এর আগে গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে বাদীদের অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ খারিজ করে দেন। ১১ সপ্তাহের শুনানি শেষে আদালত মনে করেন, বাদীরা তাদের অভিযোগ প্রমাণ করতে পারেননি। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স শুরু থেকেই অভিযোগগুলো অস্বীকার করে আসছিল।মামলার সাত বাদীর মধ্যে ছিলেন প্রিন্স হ্যারি, গায়ক এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ, অভিনেত্রী লিজ হার্লি ও স্যাডি ফ্রস্ট, সাবেক লিবারেল ডেমোক্র্যাট নেতা সাইমন হিউজেস এবং অধিকারকর্মী ডোরিন লরেন্স।মামলায় বাদীদের অভিযোগ ছিল, ডেইলি মেইল ও এর সংশ্লিষ্ট প্রকাশনাগুলো তাদের সম্পর্কে তথ্য সংগ্রহে ফোন হ্যাকিংসহ বিভিন্ন বেআইনি পদ্ধতি ব্যবহার করেছে। তবে আদালত এসব অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি।আদালতের সর্বশেষ আদেশে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের পক্ষে ‘ইনডেমনিটি বেসিসে’ আইনি খরচ আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। প্রকাশক প্রতিষ্ঠানটি মামলায় মোট ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড খরচ হয়েছে বলে দাবি করেছে। তবে বিচারপতি এই অঙ্ককে অতিরিক্ত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, দাবির পুরো অর্থ যুক্তিসংগতভাবে আদায়যোগ্য কি না, তা যাচাই করতে হবে।বাদীদের বিমা থেকে কিছু আইনি খরচ পরিশোধের ব্যবস্থা রয়েছে। তবে বিমার অর্থের বাইরে অতিরিক্ত খরচ তাদের নিজেদের বহন করতে হতে পারে। এ নিয়ে আদালতে আরও আইনি প্রক্রিয়া চলবে।অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স এক বিবৃতিতে আদালতের রায়কে তাদের সাংবাদিকতা ও প্রতিষ্ঠানের সুনামের পক্ষে বড় জয় হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে প্রিন্স হ্যারি ও অন্য বাদীরা রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ২ অক্টোবর পর্যন্ত সময় পেয়েছেন।সূত্র: দ্য গার্ডিয়ান