• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৪:০২ (13-Nov-2026)
  • - ৩৩° সে:
মাইক্রোসফটের সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী

মাইক্রোসফটের সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে হাজার হাজার ব্যবহারকারী বিপাকে পড়েছেন। বিশেষ করে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবা ব্যবহারে সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে।মাইক্রোসফট জানিয়েছে, বিশ্বের একাধিক অঞ্চলে তাদের কিছু প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে বেশি চাপ তৈরি হয়েছে। সম্ভবত এ কারণেই সেবাগুলোতে সংযোগের সমস্যা দেখা দিয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে। খবর বিবিসির।বিভ্রাটের কারণে মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কয়েকটি অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন গ্রাহকেরা। বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন সেবা, যার আওতায় আউটলুক ইমেইল অ্যাপ রয়েছে, সেটি অনেক ব্যবহারকারীর জন্য ব্যাহত হয়েছে। পাশাপাশি ক্যালেন্ডার অ্যাপেও নির্দিষ্ট কিছু ফাইল ও তথ্য দেখতে সমস্যা হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।তবে মাইক্রোসফটের দাবি, বার্তা আদান-প্রদান ও অনলাইন বৈঠকের সেবাগুলো অনেকাংশে সচল রয়েছে। সমস্যা সমাধানে দ্রুত কাজ চলছে।সর্বশেষ হালনাগাদ তথ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় চালু করার প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে সিস্টেমগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী বিপাকেমাইক্রোসফটের সেবায় বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন।১২ নভেম্বর বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটার কিছু পর প্রথম এ সমস্যাটি শনাক্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, অন্তত আট ঘণ্টা ধরে সেবাগুলোতে এ বিভ্রাট চলছিল।সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ছয়টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই সময় অভিযোগের সংখ্যা ছিল প্রায় এক লাখ ৪০ হাজার, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণেরও বেশি।ডাউনডিটেক্টর আরও জানায়, প্রায় এক ঘণ্টার মধ্যে বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিভ্রাটের খবর পাওয়া যায়। ওয়েবসাইটটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ হাজারের বেশি ব্যবহারকারী তখনো এ সমস্যায় ভুগছিলেন।এটিভি/এসআইআর