খাবার হোটেল থেকে আগুন, প্রবাসীর ১৩ বসতঘর পুড়ে ছাই
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাইপ্রবাসী এক ব্যক্তির ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। ১৫ নভেম্বর রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।১৫ নভেম্বর রোববার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাইপ্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে দুবাইপ্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনেছিলেন। ঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। পাশাপাশি থাকা দুটি দোকানের একটিতে খাবার হোটেল পরিচালিত হতো।তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে ভাড়াটিয়ার পরিচালিত খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পেছনে থাকা বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনে বসতঘরগুলোর পাশাপাশি ভেতরে থাকা আসবাবপত্রও পুড়ে যায়।শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এটিভি/এসআইআর