• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪০:৩৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:
উপবৃত্তি নিয়ে সুখবর

উপবৃত্তি নিয়ে সুখবর

অনলাইন ডেস্ক: দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানোর জন্য প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।এতে বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু করা হবে। অন্যদিকে, ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতিতে উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থীদের জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। এ জন্য যেকোনো অনলাইন তফশিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত যেসব ছাত্রীর নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই।তবে উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নামে হিসাব খুলতে হবে।শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।বাবা অথবা মায়ের নামে কোনো তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে কিংবা নতুন হিসাব খুললে সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবককে আবেদনপত্রে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।বাবা-মা কেউ জীবিত না থাকলে বিকল্প অভিভাবকের নামে তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাকে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে উপবৃত্তির অর্থ নিতে পারবে।এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।নির্দেশনায় উদাহরণ দিয়ে বলা হয়েছে, বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম নিবন্ধন করা হলে ওই বাবার জাতীয় পরিচয়পত্র দিয়েই তার নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। এ পদ্ধতির ব্যত্যয় হলে জিটুপি ব্যবস্থায় উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।এ ছাড়া কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএসে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধু নিজেদের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে সংশ্লিষ্ট হিসাব হালনাগাদ করতে হবে।নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বরধারী শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এদিকে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।নির্দেশনায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করা এবং এ সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। বাসসএটিভি/এসটিও