বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট
আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগর, বাব-এল মানদেব প্রণালি এবং এডেন উপসাগরে নৌ চলাচল ও বাণিজ্যিক নিরাপত্তা জোরদারে সৌদি আরবের উদ্যোগে বাংলাদেশসহ ১৪ দেশের সমন্বয়ে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়েছে। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামে এই জোটের লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলসহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।সৌদি আরব ছাড়াও জোটে রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস। তবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এতে যোগ দেয়নি।জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমুদ্র নিরাপত্তা-সংক্রান্ত সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। সৌদি আরবকে জোটটির প্রতিষ্ঠাতা সদস্য ও সদর দপ্তরের দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে, যদিও সদর দপ্তরের সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি প্রতিরক্ষামূলক উদ্যোগ এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত হয়নি। একই সঙ্গে ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও জোটে যোগদানের সুযোগ খোলা রাখা হয়েছে।বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ তেল বাব-এল মানদেব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ নৌপথে যেকোনো অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।সূত্র: আল জাজিরা