• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫৩:০০ (02-Nov-2026)
  • - ৩৩° সে:
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা: জামায়াত আমির

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: দেশের তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতাকে পুঁজি করে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা এ শিল্প ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।২ নভেম্বর (সোমবার) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জামায়াত আমির এ আশঙ্কার কথা ব্যক্ত করেন।সামাজিক যোগাযোগমাধ্যমের সেই পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, তৈরি পোশাকশিল্পে টানা অস্থিরতা বজায় রয়েছে। দেশের বিভিন্ন স্থানে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়ার মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। মালিক কিংবা শ্রমিক—কোনো পক্ষই নিজ শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে অধিকার আদায় করতে পারেন না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশের কোনো সাধারণ শ্রমিক এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না।জামায়াত আমির আরও বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে মনে হচ্ছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা ইন্ধন জুগিয়ে পোশাকশিল্পকে পঙ্গু করে দেওয়ার গভীর পাঁয়তারা করছে। দেশের অর্থনৈতিক স্বার্থেই এসব অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে অনতিবিলম্বে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।বাস্তব চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, উদ্ভূত পরিস্থতিতে ইতিমধ্যে প্রায় ৬০০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতকালীন আন্তর্জাতিক বাজারকে কেন্দ্র করে বাংলাদেশের পোশাকশিল্পে যে নতুন সম্ভাবনা তৈরি হয়, তা বিনষ্ট করতেই কোনো গভীর চক্রান্ত চলছে কি না—সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।এমতাবস্থায় দেশের পোশাক খাতের সার্বিক স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ আন্তরিকতা, ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আকুল আহ্বান জানান ডা. শফিকুর রহমান।এটিভি/ আরএম