গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ, অর্ধশতাধিক গাছ থেকে সরানো হলো পেরেক
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে গাছের সুরক্ষা ও পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘রান ফর গ্রীন বাংলাদেশ’। সংগঠনটির চলমান কর্মসূচি ‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর আওতায় আগারগাঁও থেকে নির্বাচন অফিস পর্যন্ত সড়কের অর্ধশতাধিক গাছ থেকে এক কেজির বেশি লোহার পেরেক অপসারণ করা হয়েছে।৬ নভেম্বর শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।গাছে ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন লাগানোর জন্য বিভিন্ন সময় গাছের গায়ে পেরেক ঠুকে দেওয়া হয়। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ মেয়াদে গাছের স্বাস্থ্য ও জীবন ঝুঁকির মুখে পড়ে। গাছের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে গাছকে রক্ষা করাই ‘প্রজেক্ট ট্রি কেয়ার’-এর মূল লক্ষ্য।কর্মসূচিতে উপস্থিত ছিলেন রান ফর গ্রীন বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন আবির, নির্বাহী কমিটির সদস্য কাউছার হামিমসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী।সংগঠন সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রতি সপ্তাহের শুক্রবার নিয়মিতভাবে ‘প্রজেক্ট ট্রি কেয়ার’ পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকার গাছ থেকে পেরেক অপসারণের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।রান ফর গ্রীন বাংলাদেশের মতে, পরিবেশ রক্ষায় শুধু নতুন গাছ লাগানোই যথেষ্ট নয়, বিদ্যমান গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সংগঠনটির এ উদ্যোগ অব্যাহত থাকবে।সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, গাছের গায়ে পেরেক ঠুকে নয়, বরং গাছকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, সুরক্ষিত থাকবে ভবিষ্যৎ প্রজন্ম।এটিভি/ এইচকে