• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০৯:৩৮ (02-Aug-2026)
  • - ৩৩° সে:
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ার সময় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১ আগস্ট শনিবার সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি নাজকা লাইনসের ওপর দর্শনীয় ফ্লাইট পরিচালনার সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে ১১ জন যাত্রী ও দুইজন পাইলট ছিলেন।পেরুর রাষ্ট্রীয় বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বার্তাসংস্থা এএফপির বরাতে স্থানীয় পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে কেউ জীবিত নেই। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ধাপে ধাপে মরদেহ উদ্ধার করছেন।স্থানীয় সময় শনিবার দুপুর ১টার দিকে পুয়েবলো ভিয়েহো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর আগে বিমানটি পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।স্প্যানিশ ভাষায় দেওয়া এক বিবৃতিতে নাসকা প্রাদেশিক পৌর কর্তৃপক্ষ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি স্থানীয় এয়ারলাইন এরোডিয়ানার মালিকানাধীন।এদিকে, এরোডিয়ানা জানিয়েছে, দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের ফ্লাইট পরিচালনার বিষয়টি পর্যালোচনা করা হবে।উল্লেখ্য, নাজকা লাইনস এলাকায় এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০২২ সালে একই এলাকায় একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন। এর আগে ২০১০ সালেও আরেকটি দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়।