• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:০১:৪৩ (24-Jun-2026)
  • - ৩৩° সে:
ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর

ওপিটিএমএস চালু: পেনশন নিয়ে বড় সুখবর

ডেস্ক রিপোর্ট: জটিলতা কমিয়ে পেনশন সেবাকে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে সরকার।২৩ জুন মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।নতুন ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড, আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানা এবং অনুমোদনের অগ্রগতি অনুসরণ—সবকিছুই অনলাইনে করা যাবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি কমবে হয়রানি ও অপ্রয়োজনীয় অফিস যাতায়াত।জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস পুরোপুরি চালু হলে তারা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা দিতে এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন। এতে দ্রুততম সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পাওয়া গেলে তা দুর্নীতি কমানোর একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। একইসঙ্গে সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থার আওতায় অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস আগেই কর্মচারীরা এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। এরপর তারা অনলাইনে আবেদন জমা দিতে, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে এবং আবেদন কোন পর্যায়ে রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।একই প্ল্যাটফর্মে কল্যাণ কর্মকর্তা ও মঞ্জুরকারী কর্তৃপক্ষও ফাইল প্রক্রিয়া করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।