• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৫:২৪ (04-Apr-2026)
  • - ৩৩° সে:
কুমিল্লায় পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

কুমিল্লায় পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নগরীর ধর্মসাগরপাড়ে কোতোয়ালি থানার এক পুলিশ দম্পতিকে ছুরিকাঘাতের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতার হওয়া আসামিরা হলেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ী মুন্সেফ কোয়াটার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত (১৯) এবং কুমিল্লা সদর উপজেলার ভুবনঘর এলাকার সিয়াম (২০)।৩ এপ্রিল শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এশিয়ান টিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লার বিনোদন কেন্দ্র ধর্মসাগর পাড়ে বেড়াতে গিয়ে কিছু কিশোর গ্যাংয়ের সদস্য ও বখাটেদের হামলার শিকার হন কুমিল্লা কোতোয়ালি থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা এবং তার স্বামী চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়ের।এ পুলিশ দম্পতি ব্যক্তিগত সময় কাটাতে ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। এ সময় অজ্ঞাতনামা ৩ জন যুবক কনস্টেবল জাকিয়া সুলতানাকে লক্ষ্য করে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। জাকিয়ার স্বামী কনস্টেবল জোবায়ের এর প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে টানা ১২ ঘণ্টা অভিযান চালিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় দুই আসামিকে গ্রেফতার করা হয়।পুলিশ সুপার বলেন, ‘গ্রেফতার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।’