• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:২০:৫৫ (26-Jul-2026)
  • - ৩৩° সে:
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল ৬ মন্ত্রীর

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার, বহাল ৬ মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহনের সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।সরকারি সূত্র জানায়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে চলাচলের সময় অধিকাংশ মন্ত্রী বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা পেয়ে আসছিলেন। বর্তমানে মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসকর্ট সুবিধা প্রত্যাহার হলেও সরকারি নীতিমালা অনুসারে তারা আগের মতোই গানম্যান, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সফরের সময় প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা পাবেন।সংশ্লিষ্ট সূত্রের মতে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় ব্যয় কমানোর বিষয়ে পুলিশ সদর দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। পাশাপাশি দীর্ঘদিনের জনবল ও যানবাহনের সংকটও এ সিদ্ধান্তের অন্যতম কারণ।একজন মন্ত্রীর এসকর্ট দলে সাধারণত একজন উপপরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল এবং একটি পুলিশ পিকআপ ভ্যান থাকে। এসবের বেতন-ভাতা ও পরিচালন ব্যয় সরকারি অর্থ থেকেই বহন করা হয়।যেসব মন্ত্রীর জন্য এখনো বিশেষ এসকর্ট সুবিধা বহাল রয়েছে তারা হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীতে ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। প্রয়োজনের তুলনায় প্রায় ৯০০ জন সদস্যের ঘাটতি থাকায় দায়িত্ব পালনকারী সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।পুলিশ কর্মকর্তারা জানান, জনবল সংকটের পাশাপাশি যানবাহনের স্বল্পতাও নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন পুলিশ স্থাপনায় হামলায় প্রোটেকশন ইউনিটের একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সীমিত সম্পদ দিয়েই ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে।সূত্র: সমকাল