কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি: আইজিপি
অনলাইন ডেস্ক: কার্যকর পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে জন-আস্থা ফেরানো এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বিপিএম।২৪ অক্টোবর শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কেএমপি আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিংয়ের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। এছাড়াও খুলনার সুধী সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।আইজিপি বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে পুলিশ নিজেদের শক্ত মনোবলের ওপর ভর করে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য হলো গত ১৭ বছরে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর করা। আমরা জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলে একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে সেবা দিতে চাই।তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান সরকার মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে এসব অপরাধ পুরোপুরি মুছে ফেলতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।পুলিশ প্রধান জানান, বর্তমানে অপরাধীদের দমনে যৌথ অভিযান চলমান রয়েছে এবং সরকার এই কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের কাজকে সুনির্দিষ্ট কাঠামোর অধীনে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমোদন দিয়েছে।অতীতে কমিউনিটি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের যে অভিযোগ উঠেছে, তা যেন আর না ঘটে—সেজন্যই এবার আইনি কাঠামোর ভেতরে এই কার্যক্রম পরিচালিত হবে বলে আইজিপি উল্লেখ করেন।সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যা দিয়ে তিনি কমিউনিটি পুলিশিংয়ে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের সবার সম্মিলিত চেষ্টায় একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠন সম্ভব।পরবর্তী সময়ে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে খুলনার বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়সভায় অংশ নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।