পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীকে পায়ুপথে লুকানো ৪টি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তুসহ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।এ ছাড়া ওই যাত্রীর রেক্টামের ভেতর থেকে চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা এসব বস্তুর ওজন প্রায় ১ কেজি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।১৫ নভেম্বর রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তার ওপর নজরদারি করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। একপর্যায়ে এক্স-রে পরীক্ষায় তার রেক্টামের ভেতরে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।পরে তল্লাশি চালিয়ে তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়।তবে উদ্ধার করা এসব বস্তুর মধ্যে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরীক্ষা ও পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। চক্রটির সদস্যদের শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।এটিভি/এসটিও