• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫৭:০৩ (25-Nov-2026)
  • - ৩৩° সে:
কফি ও কাজুবাদাম চাষে বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

কফি ও কাজুবাদাম চাষে বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক চিত্র আমূল বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, পাহাড়ের মাটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে এখান থেকেই সোনা ফলানো সম্ভব।২৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।পার্বত্যমন্ত্রী বলেন, পাহাড়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৬টি উপজেলায় অ্যাম্বুলেন্স, বিশেষ করে ওয়াটার অ্যাম্বুলেন্স বরাদ্দের বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের চলমান প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে সাচিং প্রু বলেন, এ অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে পাহাড়ে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এ ছাড়া কাপ্তাই লেকের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।কৃষি খাতের রূপান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় পার্বত্য অঞ্চলে তামাক চাষ নিরুৎসাহিত করতে প্রণোদনার উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে কাজুবাদাম, ইক্ষু ও কফি চাষে কৃষকদের উৎসাহিত করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা নিতে হবে। বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি দীর্ঘমেয়াদি উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন করে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। পাশাপাশি তিনি পরিষদের সদস্য ও কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম। এ সময় রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান কাপ্তাই লেকে মাছ আহরণ ও উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি উচ্চতর কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানান।জেলা পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় পার্বত্য অঞ্চলের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এটিভি/ আরএম