ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য, মজুত প্রায় ৯০টি
আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে নীরবতা বজায় রেখেছে ইসরায়েল। তবে দেশটির অস্ত্রভাণ্ডারে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। একই সঙ্গে দেশটির কাছে থাকা প্লুটোনিয়ামের মজুত দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান থাকতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।১০ নভেম্বর প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সাময়িকী বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের এক মূল্যায়নে এসব তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণাটি তৈরি করেছেন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের পারমাণবিক অস্ত্রবিষয়ক গবেষক হ্যান্স এম ক্রিস্টেনসেন ও ম্যাকেঞ্জি নাইট-বয়েল।গবেষণায় বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে আনুমানিক ৯০টি ওয়ারহেড রয়েছে। পাঁচ বছর আগের মূল্যায়নেও একই সংখ্যা উঠে এসেছিল। অর্থাৎ গবেষকদের হিসাবে দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বাড়েনি। তবে পারমাণবিক অবকাঠামোতে বিনিয়োগ ও বিভিন্ন স্থাপনায় নির্মাণকাজ অব্যাহত থাকার প্রমাণ পাওয়া গেছে।বিশেষ করে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক গবেষণাকেন্দ্রের নির্মাণকাজ গবেষকদের নজরে এসেছে। ২০২১ সাল থেকে স্যাটেলাইট চিত্রে সেখানে বড় ধরনের খনন ও অবকাঠামো নির্মাণের চিহ্ন দেখা গেছে। ২০২৬ সালের ছবিতেও বিদ্যমান চুল্লির মতো ব্যাসবিশিষ্ট একটি নতুন বৃত্তাকার স্থাপনা নির্মাণের তথ্য পাওয়া গেছে। তবে এটি পারমাণবিক চুল্লি কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। গবেষকদের ধারণা, এটি অন্য কোনো স্থাপনা, এমনকি সংরক্ষণাগারও হতে পারে।গবেষণায় ইসরায়েলের প্লুটোনিয়ামের মজুত নিয়েও আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক ফিসাইল উপাদানবিষয়ক প্যানেলের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে দেশটির কাছে ৮০০ থেকে এক হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে। এই পরিমাণ প্লুটোনিয়াম দিয়ে তাত্ত্বিকভাবে ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান পাওয়া সম্ভব।এদিকে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও স্বচ্ছতার দাবি উঠেছে। গত ৪ মে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দেন। এতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য সম্পর্কে কংগ্রেসকে বিস্তারিত তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়।আইনপ্রণেতারা মনে করেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি। বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নীরব সমঝোতার ইতিহাসও কয়েক দশকের পুরোনো। ধারণা করা হয়, ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে এ বিষয়ে একটি অনানুষ্ঠানিক সমঝোতা হয়েছিল। এর আওতায় ইসরায়েল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার না করলে যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি করবে না—এমন নীতিগত অবস্থান তৈরি হয় বলে বিভিন্ন মার্কিন নথি ও গবেষণায় উল্লেখ করা হয়েছে।ইসরায়েলের আনুষ্ঠানিক অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রবর্তনকারী প্রথম দেশ হবে না তারা। তবে দেশটি এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। ফলে দেশটির প্রকৃত পারমাণবিক অস্ত্রের সংখ্যা, উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা রয়ে গেছে।এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার বা অস্বীকার করেনি।এটিভি/এসআইআর