• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:২৮:৪৬ (29-Nov-2026)
  • - ৩৩° সে:
ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ২৯ নভেম্বর রোববার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি।এর আগে গত ২৩ নভেম্বর দুপুর ১টা ৪০ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন।পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এটি ছিল বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের প্রথম পাকিস্তান সফর।স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এটিভি/এসআইআর