প্রেমের টানে জাজিরায় এসে তানজিলাকে বিয়ে করলেন পাকিস্তানি যুবক
শরীয়তপুর প্রতিনিধি: প্রেমের টানে পাকিস্তান থেকে শরীয়তপুরের জাজিরায় এসেছেন মোজাম্মেল হোসাইন (২৬) নামে এক যুবক। প্রায় চার বছরের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর তিনি বাংলাদেশে এসে তানজিলা (১৯) নামে এক তরুণীকে বিয়ে করেছেন।জানা গেছে, গত ১১ জুলাই পাকিস্তানের লাহোর থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপল্টন শিকদারকান্দি এলাকায় তানজিলার বাড়িতে আসেন মোজাম্মেল হোসাইন। এরপর স্থানীয় ইমামের মাধ্যমে শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।১৫ জুলাই বুধবার সরেজমিনে ওই বাড়িতে গিয়ে নবদম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিন যোগাযোগের পর মোজাম্মেল বাংলাদেশে এসে বিয়ে করেন।তানজিলার পরিবারের দাবি, মোজাম্মেলের পাসপোর্ট ও ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়েছে। এছাড়া দুই পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে।তানজিলার মা আসমা আক্তার বলেন, ‘মোজাম্মেলের পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। মেয়ের বিয়ে এত দূরে হওয়ায় কিছুটা খারাপ লাগছে, তবে এখন পর্যন্ত আমাদের কোনো শঙ্কা নেই।’তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, সাম্প্রতিক সময়ে বিদেশে বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পাচারের নানা ঘটনা সামনে এসেছে। তাই ছেলেপক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতি ও প্রয়োজনীয় যাচাই ছাড়া মেয়েকে পাকিস্তানে পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তারা মনে করছেন।এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। খোঁজখবর নিয়ে কাগজপত্র যাচাই করা হবে। তদন্তে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’