১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু হবে। ৭ অক্টোবর বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পেইন এক বছর চলবে। অর্থাৎ, ১ ডিসেম্বর, ২০২৬ থেকে ৩০ নভেম্বর, ২০২৭ পর্যন্ত।তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশে জন্মহার বেড়ে গেছে, যেটি একসময় কম ছিল। এজন্য ‘দুই এর বেশি সন্তান নয়, একটি হলে ভালো হয়’— এই প্রতিপাদ্যে বৃহৎ এই ক্যাম্পেইন পরিচালিত হবে।দেশে ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সম্প্রসারণে নতুন করে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার রোগীর সংখ্যা বেড়েছে। ক্যানসার রোগীদের রেডিওথেরাপি নেওয়ার জন্য ৬-৭ মাস অপেক্ষা করতে হয়। বিগত সরকারের সময়ে টাকা খাওয়ার জন্য যে দু’টি রেডিওথেরাপি মেশিন আনা হয়েছিল, তার মধ্যে একটি ফরিদপুরে ও একটি গোপালগঞ্জে নষ্ট হয়ে পড়ে আছে। ১১ কোটি টাকার মেশিন ১৮ কোটি টাকা দিয়ে আনা হয়েছিল।সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি রেডিওথেরাপি শুরু করেছে। এর মধ্যে একটি ক্যানসার হাসপাতালে, একটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এ ছাড়া ঢাকার সাভারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি রেডিওথেরাপি মেশিন ছিল, সেটি আমরা টেকওভার করে সেখানেও রেডিওথেরাপি করাচ্ছি।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরের মধ্যে আমরা ১৭টি লিনিয়ার এক্সিলারেটর মেশিন (রেডিওথেরাপি মেশিন) সংযোজন করতে যাচ্ছি। এর মধ্যে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ ৬টি রেডিওথেরাপি মেশিন ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে বিভিন্ন জেলায় থাকবে। ইতোমধ্যে আমরা ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি, যেসব নার্স প্রয়োজন তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মেশিন আসার সঙ্গে সঙ্গে ম্যানপাওয়ারসহ জায়গা মতো রেডিওথেরাপির কার্যক্রম শুরু হবে। এর ফলে ক্যানসার রোগীরা অনেকটা সাশ্রয়ী মূল্যে রেডিওথেরাপি নিতে পারবেন।