• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:০১:০৪ (18-Sep-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশি বিজ্ঞানীদের জন্য আইএইএ’র প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান বিজ্ঞান সচিবের

বাংলাদেশি বিজ্ঞানীদের জন্য আইএইএ’র প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের আহ্বান বিজ্ঞান সচিবের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়ন, ফেলোশিপ, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।১৮ সেপ্টেম্বর শুক্রবার ভিয়েনায় আইএইএ-এর উপ-মহাপরিচালক হুডা লিউ-এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।বৈঠকে বাংলাদেশি নিউক্লিয়ার বিজ্ঞানী, পেশাজীবী ও সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ-এর ফেলোশিপ, ইন্টার্নশিপ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।বিজ্ঞান সচিব বিশেষত বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ-এর ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বিকাশে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।বৈঠকে তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।এ ছাড়া শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, প্রশিক্ষণ, ফেলোশিপ এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।এ বৈঠকে বাংলাদেশ ও আইএইএ-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।দ্বিপাক্ষিক বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম.মঈনুল ইসলাম, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন উপস্থিত ছিলেন।