ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু
অনলাইন ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু।২৫ জুলাই শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসুর দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একইসঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে। এতে উভয় সংগঠনের কার্যক্রম ও দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।এই বিবেচনায় মাঈন আহমেদ ও মেঘমল্লার বসু স্বেচ্ছায় অব্যাহতিপত্র জমা দেন বলে জানায় ছাত্র ইউনিয়ন।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।